৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জিং: বিশ্বব্যাংক

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৫:৫৭
 
প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের ঘোষণা অসম্ভব না হলেও চ্যালেঞ্জিং হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক। সোমবার সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
 
জাহিদ হোসেন বলেন, বিনিয়োগ পরিস্থিতির যদি উন্নতি করা যায়, অর্থাৎ এখনকার জিডিপির ২৯ শতাংশ বিনিয়োগ যদি আরো ২ থেকে ২.৫ শতাংশ বাড়ানো যায় এবং বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না।
 
তিনি বলেন, এবারের বাজেটে বিনিয়োগ বাড়াতে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা বলা হয়েছে, যার কয়েকটির কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। বিদ্যুৎ উন্নয়ন বাড়াতেও নানা পদক্ষেপের কথা বলা হয়েছে। সে কারণেই আমার মনে হয়, চ্যালেঞ্জ হলেও সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না।
 
গত ৪ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেখানে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানান তিনি।