ভারত ও সার্কভুক্ত অন্যান্য দেশের সাথে বাংলাদেশের ট্রানজিট নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণ্ডমূর্খের মতো কথা বলেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
ট্রানজিট নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী ওলামালীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
হাছান মাহমুদ বলেন, 'ট্রানজিট আন্তর্জাতিক নিয়ম মেনেই হচ্ছে। বিএনপি মনে হয় ভারতের সাথে যে চুক্তি ও এমওউ স্বাক্ষরিত হয়েছে তা না পড়েই বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন।'
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, 'আপনি এভাবে গণ্ডমূর্খের মতো কথা না বলে চুক্তি ও প্রটোকলের বিষয়গুলো ভালোভাবে কষ্ট করে পড়ে দেখেন। ভারত ও অন্যান্য দেশ যেমন আমাদের দেশের মধ্য দিয়ে যাত্রী ও পণ্য পরিবহণে শুল্ক প্রদান করতে হবে তেমনি বাংলাদেশেরও অন্য দেশের ভূখণ্ড ব্যবহারে শুল্ক প্রদান করবে।'
হাছান মাহমুদ বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে বেগম জিয়া ও তার দল কিছুদিন ভারত বিরোধী বক্তব্য বন্ধ রেখেছিলো। বেগম জিয়া নরেন্দ্র মোদীর সাথে অনেক অনুনয়-বিনয় ও দেন-দরবারের পরে দেখা করেছিলেন। কিন্তু মোদীর তিনটি প্রশ্নের সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি। পরবর্তীতে নরেন্দ্র মোদী যখন বললেন তার চিন্তা ও শেখ হাসিনার চিন্তা এক ও অভিন্ন তখনই বিএনপি নেত্রী বুঝতে পারলেন তিনি এবং তার দলের গ্রহণযোগ্যতা ভারত কেন গোটা বিশ্ববাসীর কাছে নেই। তাই আবার তারা ভারত বিরোধী বক্তব্য শুরু করেছেন।'
ওলামালীগের সভাপতি ইসমাইল হোসেন হেলালীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এমএ করিম, হেদায়েতুল ইসলাম সপ্ন, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
