ভূমি অফিসগুলো দুর্নীতির সূতিকাগার: ভূমি প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৮:৪৬



ভূমি অফিসগুলো দুর্নীতির সূতিকাগার বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অনেক উদ্যোগ নিয়েও এই দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। ব্যাপারটি ‘চোরা না শোনে ধর্মের কাহিনি’র মতো অবস্থা।

এ ক্ষেত্রে ডিজিটালাইজেশন দুর্নীতি রোধের একমাত্র উপায় বলে মনে করেন তিনি। সরাসরি কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে (ম্যান টু ম্যান কন্টাক্ট) যোগাযোগ যত দিন না কমবে, তত দিনে দুর্নীতি কমবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ব্র্যাক -এর মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ‘ইনস্টিটিউশনাল অ্যান্ড সোশ্যাল ব্যারিয়ারস ফর উইমেন অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিজ টু অ্যাকসেস ল্যান্ড অ্যান্ড প্রোপার্টি রাইটস’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।