মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের আপিলের রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গণমাধ্যমকে জানান, যারা এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমরা তাদের নজরদারিতে রেখেছি। গোয়েন্দা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী ও ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
