ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য পৃথক ওয়েজ বোর্ড বিবেচনাধীন: ইনু

আপডেট : ১৫ জুন ২০১৫, ২০:৪২
প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতো ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাপার্সন ও কলাকুশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
 সোমবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে ফেনী-১ আসনের জাসদের সংসদ সদস্য শিরিন আখতারের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
একই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে জানান, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাপার্সন ও কলাকুশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্য ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ সুপারিশ করেছে।
 
সুপারিশের আলোকে তাদের জন্য ওয়েজ বোর্ড গঠনের সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। জাতীয় পার্টির (জাপা) একেএম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বেসরকারি ডিস্ট্রিবিউটররা বাংলাদেশ সরকারকে লাইসেন্স ফি প্রদানের মাধ্যমে বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংক করে থাকে।
নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে ইনু জানান, বর্তমানে ৩৩টি জাতীয় দৈনিক এবং জেলা পর্যায়ে প্রকাশিত তিনটি পত্রিকায় অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন হচ্ছে। মোট ৩৬টি পত্রিকাকে ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়িত হওয়ার প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে।
 
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী যেসব পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না তারা রেয়াতি শুল্কে নিউজপ্রিন্ট আমদানি করতে পারবে না। একই সঙ্গে বর্ধিত বিজ্ঞাপন হার থেকেও তারা বঞ্চিত হবেন।