উপজেলায় নারী সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০১৫, ২১:১৭


সারাদেশে ৩৭৭টি উপজেলায় ১২৪৫টি নারী সদস্য পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সোমবার সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগ আসায় হবিগঞ্জ সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রতিটি উপজেলায় একটি করে ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ হয়। এসব ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা দেয় সংশ্লিষ্ট জেলা ও উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনী।

ইসি কর্মকর্তারা জানান, ৩৭৭টি উপজেলায় ১২৪৫টি নারী সদস্য পদের বিপরীতে মোট ২৫৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১১হাজার ১৬৮ জন। এছাড়া প্রর্থীতা প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী থাকায় ৩০১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে ১৬টি আসনে কোন প্রার্থীই মনোনয়নপত্র জমা না দেয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আইন অনুযায়ী উপজেলা পরিষদে নারী সদস্য পদের নির্বাচনে ভোটার ছিলেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। সদস্যপদে প্রার্থীও ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। কোনো উপজেলায় ১৫টি ইউনিয়ন থাকলে পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি। ১২ টি থাকলে চারটি।

গত ১৩ মে ৪৭৮ উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে তফসিল ঘোষণা করে ইসি। সীমানা ক্রটির কারণে ৮টি উপজেলাতে নির্বাচন স্থগিত হয়। ৪৭০টির মধ্যে ৯৩টি উপজেলায় ৩০১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।  ফলে বাকী ৩৭৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো প্রায় দেড় হাজার নারী সদস্য উপজেলা পরিষদে যোগ দিতে যাচ্ছেন।