বনানীতে ৩ ভাইকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ১৫ জুন ২০১৫, ২১:৪১


রাজধানীর বনানী ফ্লাইওভারে তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওয়াহিদ, শাহ আলম ও বাবর। ওয়াহিদ ও বাবর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে আহতদের ভাই সুলতান শেখ জানান, তারা তুরাগের বাউনিয়াবাদে থাকেন। নীলক্ষেতে তিন ভাইয়ের বইয়ের ব্যবসা এবং লালবাগে ছাপাখানা রয়েছে। বই ছাপানোর কাজে তিন ভাই রবিবার ছাপাখানায় যান। সারারাত কাজ শেষে তারা ভোরে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। তারা বনানী ফ্লাইওভারে পৌঁছলে একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে। গাড়ি থেকে দুর্বৃত্তরা নেমে তাদের কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। দুপুরে শাহ আলমকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।