ইস্কাটনে দুই খুনে ব্যবহূত এমপির গাড়ি জব্দ

আপডেট : ১৬ জুন ২০১৫, ০০:৫৫

রাজধানীর নিউ ইস্কাটন রোডে গাড়ি থেকে গুলি করে দুই জনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত বখতিয়ার আলম রনির মা সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের গাড়িটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনে পিনু খানের সরকারি ফ্ল্যাটের গাড়ি পার্কিংয়ের স্থান থেকে গাড়িটি জব্দ করে। পরে সেটি মামলার আলামত হিসেবে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে রাখা হয়। গত ১৩ এপ্রিল মধ্যরাতে এই গাড়ি দিয়ে যাওয়ার সময় নিউ ইস্কাটন রোডে মদ্যপ অবস্থায় যানজটে বিরক্ত হয়ে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এলোপাতারি গুলি করেছিলেন বখতিয়ার আলম রনি। এতে দৈনিক জনকণ্ঠের অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আবদুল হাকিম নিহত হন। রনির মা পিনু খান মহিলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

 
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই দীপক কুমার দাস জানান, দুই জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গাড়িটি একটি গুরুত্বপূর্ণ আলামত। কারণ এই গাড়িতে বসেই গুলি চালিয়েছিল রনি। মামলার তদন্তের স্বার্থে গাড়িটি জব্দ করা হয়েছে।
 
এদিকে, এমপি পুত্র রনির কাছ থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না নিয়েই কারাগারে পাঠানোর অভিযোগের ব্যাপারে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘রনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবনবন্দি না দিলেও জড়িত থাকার বিষয়টি প্রমাণে কোনো সমস্যা হবে না। তার জবানবন্দি ছাড়াও অনেক তথ্য-প্রমাণ পুলিশের কাছে রয়েছে।’
 
তিনি বলেন, ‘গাড়ি চালক ইমরান ইতিমধ্যে রনির পিস্তল থেকে গুলি ছোঁড়ার বিষয়টি স্বীকার করেছেন। আমরা মনে করি না তিনি জবানবন্দি না দিলে মামলা প্রমাণে কোনো প্রতিবন্ধকতা আছে। এছাড়া নিহতদের শরীর থেকে গুলি বের করে সিআইডিতে ব্যালিস্টক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেটির প্রতিবেদন পেলে বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।’
 
ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ সব তথ্য জানান।
 
তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে বখতিয়ার রনির সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। মোবাইল লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। হত্যার সময় ঘটনাস্থলে যে চারজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুই জন এখনো পলাতক রয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি করেন বখতিয়ার আলম রনি। গুলিতে দৈনিক জনকণ্ঠের অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আবদুল হাকিম নিহত হন। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদি হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। গোয়েন্দা পুলিশ দীর্ঘ অনুসন্ধান শেষে প্রথমে রনির গাড়ি চালক ইমরান ফকিরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির সি/৩ নম্বর ফ্ল্যাট থেকে রনিকে গ্রেফতার করে।