আজীবন সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান

আপডেট : ১৬ জুন ২০১৫, ১২:২৩
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের সঙ্গীত সম্মাননার সবচেয়ে বড় আসর সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। গতকাল সোমবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো আসরটি এবারে দশমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে আয়োজকেরা সঙ্গীতে আজীবন সম্মাননা প্রদান করেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানকে। বড় ভাই মোস্তফা জামান আব্বাসী মঞ্চে আহ্বান জানান বরেণ্য এই শিল্পীকে। এরপর শিল্পীকে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন কণ্ঠশিল্পী সাবিনা   ইয়াসমিন, চ্যানেল আই এর দুই কর্তাব্যক্তি ফরিদুর রেজা সাগর ও শাঈখ সিরাজ।
 

এরপর একে একে সঙ্গীতে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা জানানো হয়।  আর ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন শিল্পীর পারফর্মেন্স। তরুণ সঙ্গীত পরিচালক সজীবের কম্পোজিশনে একটি রবীন্দ্র-নজরুলের গানের বিশেষ পরিবেশনায় কণ্ঠ দেন তপন মাহমুদ, ফেরদৌস আরা, অণিমা রায় ও সজীব। এছাড়াও সিটিসেলের এই জমকালো আসরের বিশেষ পরিবেশনার মধ্যে ছিল আইয়ুব বাচ্চুর লাইভ পারফর্মেন্স। এর বাইরে ডিজে রাহাতের বিশেষ পরিবেশনাসহ অন্যান্য আয়োজন। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শহীদুল আলম সাচ্চু।