ঝিনাইদহে জামায়াত সেক্রেটারি বোমাসহ গ্রেপ্তার

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৩:০৫
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াবিয়া হোসেনকে ৪টি হাত বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  
 
সোমবার রাতে উপজেলার পাঁচপাতিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একদল জামায়াত শিবির নেতাকর্মী পাঁচপাতিলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ মোয়াবিয়া হোসেনকে ৪টি হাত বোমাসহ  গ্রেপ্তার করে বলে ওসি দাবি করেন। 
 
এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির আশংকায় ১৭ জন জামায়াত শিবিরের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।