স্প্যানিশ লা লিগার মৌসুম-সেরা একাদশে মেসিসহ বার্সেলোনার ছয় খেলোয়াড় রয়েছেন। তবে জায়গা হয়নি নেইমার ও লুইস সুয়ারেসের। বিপরীতে রিয়াল মাদ্রিদ থেকে জায়গা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ দুইজন।
২০১৪-১৫ মৌসুমের সেরা একাদশ বাছাই করেছে স্পেনের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি)। এই দলের গোলরক্ষক হিসেবে আছেন বার্সেলোনার গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। রক্ষণভাগের চারজনের মধ্যে তিনজনই বার্সেলোনার। ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে আছে স্পেনের রক্ষণ-জুটি জেরার্দ পিকে ও জর্দি আলবা। এই দলে সুযোগ পাওয়া আরেক জন ভালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
মৌসুম সেরা দলের তিন মিডফিল্ডারের মধ্যে ইভান রাকিতিচ সুযোগ পেয়েছেন বার্সেলোনা থেকে। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেস ও সেভিয়ার পোলিশ খেলোয়াড় জেগোস ক্রিখোগিয়াক।
আক্রমণভাগে বার্সেলোনার ত্রয়ীর মধ্যে আছেন কেবল মেসি। জায়গা পাননি লুইস সুয়ারেস ও নেইমার। মেসির সঙ্গে আক্রমণের দায়িত্বে আছেন রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো ও আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমান।
এলএফপি মৌসুম সেরা দলের কোচ হিসেবে রেখেছে বার্সেলোনাকে ‘ট্রেবল’ জেতানো লুইস এনরিকেকে।
