বাংলাদেশের অগ্রগতিতে ব্রিটিশ সহায়তা চান প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৬:৫২
 
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে ব্রিটেনের আরো সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার বিকালে ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাখার কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
 
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে প্রশংসনীয় সাফল্য অর্জন করছে। তবুও ব্রিটেনের কাছ থেকে আরো সহায়তা আমাদের প্রয়োজন। ব্রিটেন একটি মহান দেশ এবং দীর্ঘদিন ধরে তারা আমাদের সহায়তা দিয়ে আসছে। আমি আশা করছি, তারা বাংলাদেশের জনগণের জন্য সহায়তা অব্যাহত রাখবে।
 
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সকল আর্থ-সামাজিক খাতে ভাল অগ্রগতি লাভ করছে। আমরা নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেছি এবং বিসিআইএম অর্থনৈতিক করিডোরের মাধ্যমে চীন, ভারত ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে যাচ্ছি।
 
টিউলিপ সিদ্দিকের নির্বাচিত হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, টিউলিপ যখন জন্ম নেন তখন তিনি লন্ডনেই ছিলেন। আমার এখনো মনে আছে যে, আমি প্রথমবার তাকে ‘টিউলিপ’ ফুলের মতোই দেখেছিলাম। এখন সে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। আমি তার জন্য গর্বিত এবং তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
 
প্রথমবার যুক্তরাজ্য পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর তার অনুভূতি ব্যক্ত করে টিউলিপ সিদ্দিক বলেন, হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকা থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হওয়া একটি বিরাট সম্মানের বিষয়।
 
বাংলাদেশ সংক্রান্ত অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজ ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত আইন প্রণেতাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
 
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, লেবার পার্টির এমপি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং ব্রিটিশ হাউজ অব কমন্সের বেশকিছু সদস্য অনুষ্ঠানে বক্তৃতা দেন।
 
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
রুশনারা আলী, ড. রূপা হক, জিমি ফিটজপ্যাট্রিক, এ্যান মেইন, কেট ওসামার, ক্যাথরিন ওয়েস্ট, জোনাথান শ’, এ্যান্ডি স্লেটার, ব্যারোনেজ পলা উদ্দিনসহ প্রায় ৩০ জন এমপি এবং সিপিএ যুক্তরাজ্য শাখার প্রধান নির্বাহী এন্ড্রু টাগিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।