আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, কোপা আমেরিকা কাপে ম্যাচগুলোতে জয়ের জন্য ঝুঁকি নিতে তিনি পিছপা হবেন না।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে অভিযান শুরু করে আর্জেন্টিনা। দুই গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় ম্যাচে খেলোয়াড় বদলি করা নিয়ে সমালোচনা হয় মার্তিনোর।
ম্যাচের ৭৪তম মিনিটে হাভিয়ের পাস্তোরে ও সের্হিও আগুয়েরোকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টিনার কোচ। তাদের পরিবর্তে তিনি মাঠে নামান গনসালো হিগুয়াইন ও কার্লোস তেভেসকে।
লা সেরেনায় বাংলাদেশ সময় বুধবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে মার্তিনোকে এই খেলোয়াড় বদল নিয়ে কথা বলতে হয়। পরের ম্যাচেও এমন ঝুঁকি তিনি নেবেন কিনা এমন প্রশ্নের জবাব মার্তিনো বলেন, ‘আমি আবার এটা করব কিনা? এখন এর উত্তর দেওয়া খুব কঠিন। ঝুঁকি নেওয়া কখন জুতসই হবে আর কখন হবে না এ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে।’
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে প্রথম ম্যাচেই জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের অভিযান শুরু করে। দলটি আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ । আর্জেন্টিনা কোচ মনে করেন দলটির বিপক্ষে ম্যাচটি কঠিন হবে।
