এখনো ব্যাট ধরতে পারছেন না মাশরাফি

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৮:৪২
মাশরাফি বিন মুর্তজার হাতের তালুর ক্ষত পুরোপুরি না সেরে উঠায় এখনো ব্যাট ধরতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যদিও সোমবার অনুশীলনে হাতে ব্যান্ডেজ বেঁধে বোলিং করেছেন মাশরাফি তবুও তার প্রথম ওয়ানডে খেলা নিয়ে শঙ্কা কেটে উঠেনি। তবে মাশরাফি মাঠে নামার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
 
গত ৪ জুন মিরপুরে নিজ বাসা থেকে রিকশায় শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি। দুর্ঘটনায় তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে ক্ষত হয়। ছিলে যায় বাঁ হাতের তালু এবং হাঁটু।
 
সোমবার ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অনুশীলনে মাশরাফি ছিলেন শুরু থেকেই। বাঁ হাত ও হাঁটুর ছড়ে যাওয়া অংশ ঠিক হয়ে গেছে অনেকটাই। অনুশীলনে গা গরমের ফুটবলও খেলেছেন পুরোদমে। ডান হাতের তালুর ক্ষতটা নিয়েই এখন যা শঙ্কা। অনুশীলনের শুরুতে মাশরাফির হাতে ব্যান্ডেজ ছিল না। পরে হাতে ব্যান্ডেজ বেধে বোলিং করেছেন ছয় ওভার।