নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার দায়ের করা মামলাগুলো বছরের পর বছর ধরে চললেও অজ্ঞাত কারণে নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এ সব মামলা পরিচালনায় সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হলেও কার্যত সরকারের কোনো লাভ হচ্ছে না বলে কমিটি অভিমত দিয়েছে। এ ছাড়া, বিষয়টি তদন্ত করে কমিটির পক্ষ থেকে সরকারের স্বার্থ খুঁজে দেখবে সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য কমিটির সদস্য নুরুল ইসলাম সুজনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন—তালুকদার আব্দুল খালেক ও হাবিবর রহমান। এক মাসের মধ্যে তদন্ত কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন মূল কমিটিতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, আব্দুল হাই, নূরুল ইসলাম সুজন, হাবিবর রহমান, এম আব্দুল লতিফ ও আনোয়ারুল আজীম আনার অংশ নেন।
