‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোদীর মন্তব্য জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান’

আপডেট : ১৬ জুন ২০১৫, ২৩:৪৫
 
 
 
বাংলাদেশ সফরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় করা মন্তব্যের নিন্দা জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। আর এবার বিষয়টি জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়—পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ বিষয়টি জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
 
সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানদের দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জাতিসংঘে যাচ্ছি। নরেন্দ্র মোদি তার বক্তৃতায় স্বীকার করেছেন যে, ১৯৭১ সালে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করায় ভারতের ভূমিকা ছিল। তার এ বক্তব্যের পর আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টিতে দৃষ্টি দিতে পাকিস্তান আহ্বান জানাচ্ছে।’
 
এ সময় পাক-ভারত আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘কাশ্মির ও পানির বিষয় না থাকলে ভারতের সঙ্গে সংলাপ করে কিছু হবে না। আমরা ভারতের সঙ্গে উত্তেজনামুক্ত সম্পর্ক চাই। কিন্তু ভারত পাকিস্তান-বিরোধী অবস্থান নিয়েছে।’
 
প্রসঙ্গত, ঢাকা সফরকালে গত ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বক্তৃতায় মোদি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যখন রক্ত ঝরছিল, ভারতের নাগরিকরাও তাদের পাশে থেকে লড়াই করেছেন এবং এভাবে বাংলাদেশের স্বপ্ন সত্যি হতে সহায়তা করেছেন।’ তিনি আরো বলেন, ‘পাকিস্তান অনবরত ভারতকে বিরক্ত করে, উপদ্রব সৃষ্টি করে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়।’