মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেব বুশের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আপডেট : ১৭ জুন ২০১৫, ০০:৪৮

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তার প্রচারাভিযান শুরু করেছেন। রিপাবলিকান দলে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনিই সোমবার তার প্রচারণা শুরু করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

 
রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে আরো ১০ জন প্রার্থী থাকলেও জেব বুশই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জেব বুশ নিজ শহর মিয়ামি থেকেই তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। সমপ্রতি প্রকাশিত প্রচারণার লোগোতে তার নামের সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধু ‘জেব’ ব্যবহার করেছেন তিনি। এর   আগে এক ভিডিও বার্তায় ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেব বুশ। তিনি বলেন, ‘আমি নির্বাচন করতে প্রস্তুত।’ ভিডিও বার্তায় তিনি দেশকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার এবং সমাজের গতিশীলতায় সকল বাধা দূর করার অঙ্গীকার করেন।
 

জরিপে প্রকাশ পেয়েছে, রিপাবলিকান অন্য প্রার্থীদের চেয়ে ভোটের ময়দানে তিনি অন্যদের চেয়ে অনেক বেশিই প্রভাবশালী। যদিও সোমবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন, কিন্তু এটা কোনো গোপনীয় বিষয় নয়, তিনি বেশ কয়েকমাস ধরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রচারণা দল ইতোমধ্যেই প্রায় ১০ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহের পথে রয়েছে। ‘জেব’ নামে পরিচিত রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের দ্বিতীয় ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (জুনিয়র) ছোট ভাই। এদিকে ইতোমধ্যে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন।