বিমান বাহিনী দেশের জন্য ভূমিকা রাখতে প্রস্তুত

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৭:১২
 
 
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার বলেছেন, বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি বলেন, একটি স্বাধীন জাতির বিমান বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে দেশের আকাশসীমার প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
 
 বুধবার সকালে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
বাংলাদেশ বিমান বাহিনীর ৭১তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০১৫/এ অফিসার ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে যশোরে অবস্থিত বিএএফ একাডেমির প্যারেড স্কোয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বিমান বাহিনী প্রধান ফ্লাইট ক্যাডেট ও অফিসার ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার আদিব আদনান নীল সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ট্রফি’ লাভ করেন। 
 
জেনারেল সার্ভিস প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট মো. ইমতিয়াজ আহম্মেদ ‘কমান্ড্যান্টস ট্রফি’ এবং ক্যাডেট কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট সায়মা মোশারফ ‘বিমান বাহিনী প্রধান’ ট্রফি লাভ করেন।
 
এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ১৩ জন মহিলা ক্যাডেটসহ ৩১ জন ফ্লাইট ক্যাডেট ও অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।