রাজধানীতে ছেলের ‘হত্যাকারীদের’ হুমকিতে স্ট্রোক করায় এক ব্যবসায়ী মারা গেছে। নিহতের নাম আক্তার হোসেন নাননু (৬০)।
বুধবার দুপুরে ছেলের ‘হত্যাকারীদের’ ধমক দিলে তার স্ট্রোক হয়। পরে বাসার লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আক্তার হোসেন সপরিবারে হাজারীবাগ গণকটুলির ২০/১ নম্বর বাসায় থাকতেন। তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
নিহতের শ্যালক আবদুস সালাম জানান, ৮ মাস আগে ঐ এলাকার বেশ কয়েকজ সন্ত্রাসী নাননুর ছেলে জাহিদ হোসেনকে (২৪) পিটিয়ে হত্যা করে। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় নাননু সিএমএম কোর্টে মামলা করেন।
এই মামলা তুলে নেওয়ার জন্য ওই সন্ত্রাসীরা নানা সময় তাকে হুমকি দেয়। আদালত থেকে মামলা তুলে নেওয়ার জন্য বুধবার দুপুরে ওই সন্ত্রাসীদের লোকজন তার বাসার গেটের সামনে নাননুকে হুমকি দেয়। এতে সে ভয়ে স্ট্রোক করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বিকাল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সাকি মোহাম্মদ আব্দুল বাকি বলেন, মৃতের স্ত্রী জাহেরা বেগম অভিযোগ করেন তার স্বামীকে কয়েকজন হুমকি-ধামকি দেওয়ার একপর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নিয়ে আসলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। তিনি আরো বলেন, আক্তার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে
