ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক নিয়ে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী যে বক্তব্য রেখেছিলেন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত তার বক্তব্যের তথ্যের কোনো বিকৃতি করা হয়নি।
মঙ্গলবার এ বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেছেন, ‘‘গত ৫ জুন আমার সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- খালেদা জিয়ার সঙ্গে মোদির সাক্ষাত্ হবে কি না। আমি উত্তরে বলেছিলাম, ‘এ প্রশ্নের আলোচনার এখানে কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।’ আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃত করে পরদিন ইত্তেফাকে রিপোর্ট আকারে ছাপা হয়।’’
প্রকৃতপক্ষে ইত্তেফাক মন্ত্রীর বক্তব্যের কোনো ধরনের বিকৃতি করেনি। গত ৬ জুন দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘মোদি-খালেদা বৈঠক’ শিরোনামের প্রতিবেদনের শেষাংশে পররাষ্ট্র মন্ত্রীর প্রেস ব্রিফ্রিংয়ের বক্তব্যের এ অংশে বলা হয় ‘আমার মনে হয় না তার (খালেদা জিয়া) সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের কোনো সুযোগ আছে’। মন্ত্রীর সংবাদ সম্মেলনের অডিও রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে তিনি বলেছিলেন, ‘এটা তো আমার মনে হয় না এখানে এটার কোনো সুযোগ আছে’। প্রশ্নটি ছিল খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কি না? সুতরাং ওই প্রশ্নের উত্তরে মন্ত্রীর বক্তব্যের কোনো বিকৃতি ইত্তেফাকের সংবাদে ছিল না।
প্রসঙ্গত, মন্ত্রীর সংবাদ সম্মেলনের এই বক্তব্য ইত্তেফাক ছাড়াও আরো কয়েকটি সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়।
তবে মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সমালোচিত হয়েছিলেন এই তথ্যটি ওই বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের বরাত দিয়ে গত ৯ জুন ইত্তেফাক সংবাদটি প্রকাশ করে।
