প্রথম আলোকে মতিয়া চৌধুরীর চ্যালেঞ্জ

আপডেট : ১৭ জুন ২০১৫, ২০:৪০
 
 
গম নিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে আগেরদিনের মতো বুধবারও সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
 
মন্ত্রী বলেন, সংসদে দেয়া আমার বিবৃতির বিষয়ে প্রথম আলো লিখেছে, আমার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি নাকি তাদের সংশ্লিষ্ট প্রতিবেদকের সঙ্গে যোগাযোগও করেনি, তাকে তদন্ত কমিটিতে ডাকাও হয়নি। আমার কাছে কললিস্ট আছে। তদন্ত কমিটির পক্ষ থেকে কখন, কয়টার সময় কোন নম্বর থেকে ওই প্রতিবেদককে ফোন করা হয়েছিল, সব রেকর্ড আমি নিয়ে এসেছি।
দুটি মোবাইল নম্বর উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রধান কেএম আবদুল ওয়াদুদ প্রথমে গত ২ জুন ৬টা ৪৮ মিনিটে ওই প্রতিবেদককে ফোন করেন। এরপর আবার রাত সাড়ে আটটায় ফোন করা হলে ওই প্রতিবেদক বলেছিলেন ‘আমি খুব ব্যস্ত, এখন বাড়ি চলে যাচ্ছি।’ কাজেই তদন্ত কমিটিতে তাকে ডাকা হয়নি, এটা অসত্য।
 
মতিয়া চৌধুরী বলেন, যে কারও ভুল হতেই পারে। কাগজ আছে, তাই বলে সত্যের উপর দিয়ে সত্যকে প্রমাণ করার প্রবণতা থাকা ঠিক নয়। তারা (প্রথম আলো) বলেছে, আরও নাকি তদন্ত করা হচ্ছে। আমি নিশ্চয়ই সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। তদন্ত করে আরও কি বের করবেন, দেখি।