দেশে বলিউড শিল্পীদের একটি ধারাবাহিক আনাগোনা চলছে। ঢাকায় এই শিল্পীদের আমন্ত্রণ দিয়ে আনছেন দেশের বহুজাত ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। আয়োজকরা জানিয়েছেন, তাদের কোনো প্রচার দরকার নেই। এতদিন বিষয়টি লেখালিখিতেই আটকে ছিল। সম্প্রতি দেশে আসেন আরও এক বলিউড সুন্দরী পরিনিতি চোপড়া।
বুধবার গ্রিন অ্যাপেল আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকটি পত্রিকা ও অনলাইনের বিনোদন সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এতে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। আহত সবার অভিযোগ আয়োজকরাই এই হামলা করে।
হামলার শিকার হন বিডিনিউজের সংবাদকর্মী জয়ন্ত সাহা, তানজিল আহমেদ জনি ও অপর সাংবাদিক রেজাউল করিম। হামলা থেকে বাঁচাতে গিয়ে লাঠিচার্জের কবলে পড়তে হয়। এ সময় কয়েকজন ফটো সাংবাদিক ছিলেন। তারা যেন ছবি তুলতে না পারেন এজন্য ক্যামেরায় আঘাত করা হয়।
অনুষ্ঠানটি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর এজন্যই আমন্ত্রণ জানানো হয় সাংবাদিকদের। কিন্তু জায়গা সমস্যার কারণে সেই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় রাতে। কিন্তু সেখানে কিছু টিভি সাংবাদিক প্রবেশ করলেও আটকে দেয়া হয় প্রিন্ট, অনলাইন ও কয়েকটি টিভি চ্যানেলের সংবাদকর্মীদের। প্রথম হামলার স্বীকার হন বিডিনিউজের সাংবাদিক জয়ন্ত সাহা।
জয়ন্ত বলেন, ‘সংবাদ সম্মেলনের জন্য আমরা কয়েকজন সাংবাদিক গ্রিনরুমের বাইরে অপেক্ষা করছিলাম। আমাদের জানানো হয় পরিনীতির সাক্ষাৎকার নিতে দেয়া হবে না। তখনই আয়োজকদের কেউ একজন বলেন, ‘সাংবাদিকদের লাঠিপেঠা করে বের করে দাও।’ আয়োজকদের পক্ষ থেকে এমন ব্যবহার সত্যিই লজ্জাজনক। এরপর আমিসহ কয়েকজন প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর লাঠিচার্জ করা হয়। আর এই নির্দেশ দেন সেখানে দায়িত্বরত একজন। আমাদের কলার ধরে প্রথমে চড়-থাপ্পড় দিতে শুরু করেন তারা। তারপর আয়োজকরা তাদের সঙ্গে যোগ দিয়ে সাংবাদিকদের ধাওয়া দেন। সেখানে আমি, জনি, আসিফ, রণসহ বাকিরা মাটিতে পড়ে গেলে আমাদের ওপর লাঠিচার্জ করতে থাকে। এ সময় উপস্থিত সাংবাদিকরা ছুটে এসে আমাদের রক্ষা করেন।’
