ইত্তেফাকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়নি

আপডেট : ১৮ জুন ২০১৫, ০০:২৩

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক নিয়ে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী যে বক্তব্য রেখেছিলেন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত তার বক্তব্যের তথ্যের কোন বিকৃতি করা হয়নি।

গত মঙ্গলবার এ বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেছেন, ‘গত ৫ জুন আমার সংবাদ সম্মেলনে বিএনপিপন্থি এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- খালেদা জিয়ার সঙ্গে মোদীর সাক্ষাত্ হবে কি-না? আমি উত্তরে বলেছিলাম- ‘এই প্রশ্নের আলোচনার এখানে কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না।’ আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃত করে পরদিন ইত্তেফাকে রিপোর্ট আকারে ছাপা হয়।’ প্রকৃতপক্ষে ইত্তেফাক মন্ত্রীর বক্তব্যের কোনো ধরনের বিকৃতি করেনি।

 
গত ৬ জুন দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘মোদী-খালেদা বৈঠক’ শিরোনামের প্রতিবেদনের শেষাংশে পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের বক্তব্যের এ অংশে বলা হয় ‘ আমার মনে হয় না তার (খালেদা জিয়া) সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের কোনো সুযোগ আছে’।
 
মন্ত্রীর সংবাদ সম্মেলনের অডিও রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে তিনি বলেছিলেন “এটা তো আমার মনে হয় না এখানে এটার কোন সুযোগ আছে”। প্রশ্নটি ছিলো খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কোন সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? সুতরাং ওই প্রশ্নের উত্তরে মন্ত্রীর বক্তব্যের কোন বিকৃতি ইত্তেফাকের সংবাদে ছিলো না। প্রসঙ্গত মন্ত্রীর সংবাদ সম্মেলনের এই  বক্তব্য ইত্তেফাক ছাড়াও আরো কয়েকটি সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। 
 

তবে মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সমালোচিত হয়েছিলেন এই তথ্যটি ওই বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের বরাত দিয়ে গত ৯ জুন ইত্তেফাকে সংবাদটি প্রকাশ করে।