পরাজয়ে থামল ব্রাজিলের জয়রথ

আপডেট : ১৮ জুন ২০১৫, ১০:২৭
 
 
টানা ১১ জয়ের পর থামল ব্রাজিলের জয়রথ। এই জয়ে কোপা আমেরিকার লড়াইয়ে থাকল কলম্বিয়া। সেই সঙ্গে গত বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধটাও নিয়ে নিল তারা।
 
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ম্যাচের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কলম্বিয়া। তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসের কয়েকটি ক্রস ব্রাজিলের ডি-বক্সে আতঙ্ক সৃষ্টি করে। একের পর এক আক্রমণের সুফলও পায় কলম্বিয়া। প্রথমার্ধের ৩৬ মিনিটে হুয়ান কুয়াদরাদোর ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হন ব্রাজিলের ডিফেন্ডাররা। দারুণ শটে ব্রাজিলের জালে বল জড়ান ডিফেন্ডার জেইসন মুরিয়ো। ৪৩ মিনিটের মাথায় ডি-বক্সের সীমানা থেকে কুয়াদরাদোর শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
 
এখানেই শেষ। এরপর আর খেলায় ফিরতে পারেননি নেইমাররা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়লে রেফারি লাল কার্ড দেখান নেইমার আর কলম্বিয়ার বদলি খেলোয়ার কার্লোস বাক্কাকে।
 

এই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। এক ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক পয়েন্ট তুলতে ২ ম্যাচ করে খেলেছে ব্রাজিল ও কলম্বিয়া।