রমজানে সারাদেশে ভেজালবিরোধী অভিযান: শিল্পমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৩:১৪
 
রমজানে ভেজাল খাদ্য প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
 
শিল্পমন্ত্রী বলেন, রমজানে অসাধু ব্যবসায়ী ও বিক্রেতারা যাতে ভেজাল-নিম্নমানের খাদ্যদ্রব্য এবং পানীয় সরবরাহ করতে না পারে সেজন্য বিএসটিআই সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে।
 
তিনি জানান, বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরে প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
 
আমির হোসেন আমু আরো বলেছেন, ইফতার ও সেহরীতে অধিক পরিমানে ব্যবহার করা হয় এমন ৩০টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।