৩ দিন পর ডিএসইর সূচক কমল

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৯:৩১
 
টানা তিন কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বাড়ার পর বৃহস্পতিবার কিছুটা কমল। উভয় বাজারে সূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণ। 
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন—গত তিন কর্মদিবস টানা দর বৃদ্ধির ফলে কিছু শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে পারছেন। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই বাজারে সূচক কমে গেছে।
 
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ কমে ৪ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৩ কমে ১ হাজার ৭৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৪১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৯ কমে ১৩ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।