বুড়িচংয়ে ৬ শিক্ষার্থীকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ১৮ জুন ২০১৫, ২০:৩২



কুমিল্ল­ার বুড়িচংয়ে ছয় শিক্ষার্থীকে গ্রেফতারের প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টা থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই অবরোধ করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ছয় শিক্ষার্থীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত শিক্ষার্থীরা হলো- বুড়িচং উপজেলার শাহাদৌলতপুর গ্রামের ময়নাল হোসেন ভুলু মিয়ার ছেলে জাবেদ হোসেন সোহাগ (১৭), একই গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুল কাইয়ূম (১৭), মোবারক হোসেনের ছেলে রনি আহমেদ (১৩) ও বিল­াল হোসেনের ছেলে সাইফ সজিবসহ (১২) আরো দুইজন। আটককৃতরা সবাই ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা জাকির জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদকের স্পটে কাউকে আটক করতে না পেরে রাস্তা থেকে ছয়জন নিরপরাধ শিক্ষার্থীকে আটক করে। ঘটনার প্রতিবাদে এলাকার প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা মহাসড়কের অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে।

পরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ আহমেদ, অফিসার ইন-চার্জ (ওসি) জহিরুল ইসলাম, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার তাদেরকে ছাড়িয়ে আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

বুড়িচং থানার অফিসার ইন-চার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, মাদককের স্পট সংলগ্ন এলাকায় তারা এক সাথে বসে মাদক সেবন করছিল এবং তার সাথে জুয়া খেলছিল। তবে আটককৃতদের মধ্যে ২/১জন নিরপরাধ থাকতে পারে।