রাজস্ব সংক্রান্ত ২৩ হাজার মামলায় সরকারের পাওনা ২৬ হাজার কোটি টাকা

আপডেট : ১৮ জুন ২০১৫, ২৩:৫৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের প্রায় ২৩ হাজার মামলা চলমান রয়েছে। এ সব মামলার বিপরীতে সরকারের পাওনা প্রায় ২৬ হাজার কোটি টাকা। এই বিপুল সংখ্যক মামলা পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান পদ্ধতিতে দ্রুত মনিটরিং এবং নিষ্পত্তি করা সম্ভব হয় না। যার ফলে দিন দিন মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনাদায়ী রাজস্বের পরিমাণ বাড়ছে।

 
এসব অনিষ্পন্ন মামলা ডিজিটাল পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং করতে ‘ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি সফটওয়্যার তৈরি করবে এনবিআর। রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

সূত্র জানায়, এ সংক্রান্ত এক সভা গতকাল এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সভায় এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. ফরিদ উদ্দিন, সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড), হুসেইন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জ হুসেইন আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে সফটওয়ার চালু করার বিষয়ে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই-বাছাইপূর্বক প্রতিবেদন পেশ করবেন।