দেশবাসীকে রমজানের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

আপডেট : ১৯ জুন ২০১৫, ০১:২৮
পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৃথক বাণীতে তাঁরা এই শুভেচ্ছা জানান।
 
রাষ্ট পতি তাঁর বাণীতে বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আশাকরি সবাই রমজানের পবিত্রতা ও তাত্পর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক–এই প্রার্থনা করি।
 
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আহ্বান জানাই। আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।
 

জেপি’র শুভেচ্ছা:জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা পবিত্র রমজান উপলক্ষে সমগ্র মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করছি এবং একই সাথে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।