সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল ১লা জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল সংক্রান্ত পে-কমিশনের সুপারিশ ও সচিব কমিটির প্রতিবেদন দুটোই এখন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন। আগামী মাসেই এটা চূড়ান্ত করা হবে। তবে যখনই এটা চূড়ান্ত করা হোক না কেন, ১লা জুলাই থেকে এটি কার্যকর হবে। তিনি বলেন, আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতার সংখ্যা কমিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ভাতা এখন অধিকারের মতো হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ২০টি ভাতা পান উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমার মতে, ভাতা চারটির বেশি থাকা উচিত নয়।
নতুন পে-স্কেল নিয়ে অর্থমন্ত্রী বলেন, এর আগেরবার পে-স্কেল চূড়ান্ত করতে ৫ জন মন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। এবার এমন কিছু করা হবে কি না জানি না। তিনি বলেন, পে-স্কেলে অনেক জটিলতা থাকে। সেগুলোর সুরাহা করা অনেক কঠিন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল সংক্রান্ত জটিলতা এড়াতে ‘স্থায়ী পে-কমিশন’ গঠনের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, আমি চাই পাঁচ বছর পর পর পে-স্কেল ঘোষণা-এটা এবারই শেষ হোক। একটা স্থায়ী পে-কমিশন গঠনের চিন্তা-ভাবনা চলছে। এতে স্বয়ংক্রিয়ভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আপডেট হবে। পে-কমিশনের সুপারিশে ২০টির পরিবর্তে ১৬টি গ্রেড রাখার সুপারিশ করা হয়েছে। কিন্তু যেটা একবার চালু হয়ে গেছে, সেটা পরিবর্তন করা সম্ভব নয়।
