প্রথমবারের মতো সাতে বাংলাদেশ

আপডেট : ১৯ জুন ২০১৫, ০২:৩৪

বাংলাদেশ গতকাল তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে ভারতকে ৭৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যাবার পাশাপাশি প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দ্বারপ্রান্তে চলে গেল বাংলাদেশ দল।

 
আগামী ৩০সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতে থাকা দলগুলোর সঙ্গে স্বাগতিক ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই সময়ের মধ্যে ভারতের বিরুদ্ধে সিরিজের অবশিষ্ট দুই এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত করতে এই পাঁচ ম্যাচের যে কোন একটি জিততে হবে বাংলাদেশকে।
 
তবে আর কোন ম্যাচ জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। সে জন্য অবশ্য পাকিস্তানকে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে যে কোন ব্যবধানে হারলেই চলবে।
 

র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে চলে যাবার সুযোগও আছে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারালেই চলবে। আর হোয়াইটওয়াশ করতে পারলে ষষ্ঠ স্থানের সঙ্গে পাওয়া যাবে নিজেদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯৬।