কাফরুলে গুলিতে ১৩ শিক্ষার্থী আহত

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৮:৪১
 
 
রাজধানীর কাফরুলে সড়ক অবরোধ কেন্দ্র করে পুলিশের গুলিতে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- শাহজালাল, সফদের, রোকন, মওদুদ, সুদ্বীপ, সাঈদ, দুলাল, লিমন, রাতুল, সঞ্জীব, আল আমিন, লুত্ফর ও সুমন। আহতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই সরকারী ইউনানী আয়ুবের্দিক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
 
আহতরা জানান—দীর্ঘদিন ধরে সরকারি ইউনানী আয়ুবের্দিক কলেজ মাঠে বহিরাগতরা মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ করে আসছিল। তারা প্রতিদিন খেলাধুলা করতে মাঠে আসত। বহিরাগতদের মাঠে প্রবেশ করতে নিষেধ করা হলেও তারা নিষেধ অমান্য করে মাঠে প্রবেশ করে। বৃহস্পতিবার বিকালে কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে বহিরাগতদের মাঠ থেকে বের করে দেয়া হয়। সন্ধ্যায় কলেজের এক শিক্ষার্থী বাইরে গেলে তাকে মারধর করে বহিরাগতরা। এ খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা রাত ৯টায় রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সরে যেতে বলে। ছাত্রকে মারধরের ঘটনায় তারা পুলিশের কাছে বিচার দাবি করেন।
 
একপর্যায়ে পুলিশ গুলি ছোঁড়ে। এ সময় ১৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের রাত সাড়ে ১২টায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এ বিষয়ে কাফরুল থানার ডিউটি অফিসার এসআই ইদ্রিস আলী বলেন, ‘রাত ১০টায় খবর পেয়ে কাফরুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলেজের শিক্ষর্থীদের অবরোধ তুলে নিতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কয়েকজন ছাত্র আহত হন।’
 
ঢামেক হাসপাতাল সুত্র জানিয়েছে—আহত শিক্ষার্থীদের কারো হাতে, কারো পায়ে গুলির চি‎হ্ন রয়েছে।