বাংলাদেশ ক্রিকেটের নতুন আলোকবর্তিকা মুস্তাফিজুর রহমানের আদর্শ পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই ৫ উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী এ পেসার। ২০১৪ সালের জুন মাসে মিরপুরে একই মাঠে এই ভারতের বিপক্ষেই বাংলাদেশি প্রথম বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট (২৮ রানে) শিকার করেন তাসকিন আহমেদ। তাই বাংলাদেশি দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে এ কৃতিত্ব গড়েন মুস্তাফিজ। ওয়ানডে অভিষেকে ৬ উইকেট শিকার করা বিশ্বে একমাত্র বোলার ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। ২০০৩ সালের ২৯ নভেম্বর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এ রেকর্ড সৃষ্টি করেন এডওয়ার্ডস।
৫০ রানে ৫ উইকেটে শিকার করে ভারতের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মুস্তাফিজ জানালেন, তার আদর্শ বোলার পাকিস্তানি পেসার আমির। যিনি ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বর্তমানে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। তবে এ বিষয়টিকে মোটেই বড় করে দেখতে নারাজ বাংলাদেশি এ পেসার।
