রিভিউ করতে বলেছেন মুজাহিদ

আপডেট : ২০ জুন ২০১৫, ২৩:৫৪
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার নির্দেশ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে মো. মুজাহিদ এ নির্দেশ দেন।
 
 সকালে মুজাহিদের সঙ্গে পাঁচ আইনজীবী দেখা করতে যান। কারাগারে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বেলা ১২টার দিকে বেরিয়ে আসেন মুজাহিদের আইনজীবী মো. শিশির মনির, নাজিবুর রহমান, কামাল উদ্দিন, মতিউর রহমান আকন্দ ও মশিউল আলম। বেরিয়ে আসার পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের রায়ের পুর্ণাঙ্গ কপি প্রকাশের পর ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করার জন্য তিনি (মুজাহিদ)  নির্দেশ দিয়েছেন। আমরা বলেছি, রায়ের কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে উপযুক্ত সময়ে আমরা আপিল বিভাগের সামনে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করব।
 
রায়ের প্রতিক্রিয়ায় মুজাহিদ কী বলেছেন এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, কাকে, কখন হত্যার জন্য এই মৃত্যুদণ্ড দেয়া হলো প্রকৃতপক্ষে এই ব্যাপারটি তার (মুজাহিদ) কাছে বোধগম্য হয়নি। তিনি বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমরা যেন পুনরায় তার সঙ্গে সাক্ষাত্ করতে আসি। এরপর তিনি পূর্ণাঙ্গ রায় পড়বেন ও বিশ্লেষণ করবেন এবং তার বক্তব্য জানাবেন। আর রিভিউ আবেদনের মাধ্যমে নিঃশর্ত খালাস পাবেন বলে তিনি আশাবাদী।
 
শিশির মনির জানান, মুজাহিদ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। তিনি মানসিক ও শারীরিকভাবে দৃঢ় আছেন ও অবিচল আছেন। তিনি মনে করেন, রিভিউ আবেদন নিষ্পত্তির মধ্য দিয়ে উনি ন্যায়বিচার পাবেন।
 
প্রসঙ্গত, ১৬ জুন আপিল বিভাগের রায়ে মো. মজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করে এ অভিযোগে ট্রাইব্যুনালেও তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া ফরিদপুরের বাকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যার এবং নাখালপাড়া সেনা ক্যাম্পে সুরকার আলতাফ মাহমুদ, মুক্তিযোদ্ধা বদি, রুমি ও জুয়েলসহ কয়েকজনকে ধরে নিয়ে হত্যার নির্দেশের ঘটনায় মুজাহিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ফরিদপুর শহরের রঞ্জিত নাথ ওরফে বাবু নাথকে আটক করে নির্যাতনের ঘটনায় তাকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।
 
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ করতে ১৫দিন সময় পাবেন মুজাহিদ। এই রিভিউ আবেদন খারিজ হলে জামায়াত নেতার কাছে সুযোগ থাকবে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার। তা না করলে ফাঁসি কার্যকরের উদ্যোগ নেবে কারা কর্তৃপক্ষ। এর আগে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়েছিল। তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ার পর দুই জনের দণ্ড কার্যকর করা হয়।