ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার। এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
হাথুরুসিং বলেন, 'আমরা এখনও বলছি না যে ভারতের বিপক্ষে আমরাই ফেভারিট। তবে, আমরা দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্য আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ জয়ের পর আমাদের বিশ্বাসটা আরও বেড়ে গেছে। আর আত্মবিশ্বাসী এ দলটির উন্নতির সুযোগ রয়েছে।'
তিনি জানান, একটা সময় ছিল যখন বাংলাদেশ শুধু প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলোর কথা মাথায় রেখে মাঠে নামত। প্রতিপক্ষের শক্তির জায়গা আঘাত করা তো দূরের কথা তা নিয়ে ভাবতেও সাহস দেখাত না! সেই অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ। এখন প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ। আত্মমণাত্মক ক্রিকেট খেলে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিচ্ছে টাইগাররা।
