‘নতুন প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পৃথিবী গড়তে হবে’

আপডেট : ২১ জুন ২০১৫, ০০:১২
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুৃ বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পৃথিবী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি করতে গেলে পরিবেশ সম্পর্কে সচেতনতার বিকল্প নেই।’
 
শনিবার জাগো ফাউন্ডেশন আয়োজিত পরিবেশ দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এ সব কথা বলেন।
 
রায়ের বাজারে বৈশাখী খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানটি শুরু হয় স্কুল ছাত্রছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। 
IMG0
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘সারা বিশ্বে এখন পরিবেশ সম্পর্কে তোলপাড় চলছে। শিল্পোন্নত দেশ থেকে শুরু করে সবার মুখে একই কথা পৃথীবিকে বাঁচাতে হবে। সবাই বলছে—সমুদ্রের তাপমাত্রা বাড়ার কারণে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ডুবে যাবে। কিন্তু এটি হলে শুধু বাংলাদেশই নয়, যুক্তরাষ্ট্রের অনেক এলাকা তলিয়ে যাবার কথা।’
 
‘পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে’ উল্লেখ করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘সরকারের পাশাপাশি জনগণকেও এ কাজে এগিয়ে আসতে হবে।’
 
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান করবী রাখসান্দ ছাড়াও অনুষ্ঠানে কোকাকোলা বাংলাদেশের পরিচালক শাহাদাব খান বক্তব্য দেন।
 

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশ সচেতনতা বিষয়ক একটি নাটক মঞ্চায়ন করা হয়। এ ছাড়া, জাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।