ক্রিকেটের তিন ফরম্যাটে আবারো শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি২০-তে আবারো বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে ২ উইকেট তুলে নেয়ার পর ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে আবারো সেরার মুকুট অর্জন করলেন সাকিব।
এ নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেটের সব ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের আসনে বসলেন বাংলাদেশি এই টাইগার।
সিরিজ শুরুর আগে থেকেই টেস্ট ও টি২০-তে সেরা অলরাউন্ডার ছিলেন তিনি।
ওয়ানডেতে সাকিবের বর্তমান পয়েন্ট ৪০৩। সাকিবের পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস রয়েছেন তৃতীয় স্থানে। আর ফর্মহীনতায় ৩ ধাপ পিছিয়ে দিলশান চলে গেছেন ৪-এ।
টেস্টে ৩৯৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের পরের আসনটি দক্ষিণ আফ্রিকান ভারনন ফিলান্ডারের, যিনি সাকিবের চেয়ে ৫৭ পয়েন্ট পিছনে। ৩১৮ ও ২৯৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে পরের দুটি স্থান রবিচন্দ্রন আশ্বিন ও স্টুয়ার্ট ব্রডের।
৩৭৮ পয়েন্ট নিয়ে টি২০-তেও অনেকটা একতরফাভাবে সবার উপরে সাকিব। তার পিছনে আছেন যথাক্রমে মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসনরা।
সূত্র- ক্রিকইনফো
