গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন কমেছে

আপডেট : ২০ জুন ২০১৫, ১৯:৫৬
 
 
পুঁজিবাজারে লেনদেন ব্যাপকভাবে কমে গেছে। সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে ২৭ দশমিক ৬১ শতাংশ। গেল সপ্তাহে ডিএসইতে দৈনিক লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ২৪ লাখ টাকার, যা আগের সপ্তাহে ছিল ৫৩৪ কোটি ৯২ লাখ টাকা। এ দিকে, গত সপ্তাহে ডিএসইএক্স বাড়ায় সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে—গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৬২ লাখ টাকার, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ৬৭৪ কোটি ৬৩ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণও কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ১৯ হাজার ৬৬ কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৭৬৪ কোটি টাকায়। সপ্তাহ  শেষে বাজার মূলধন কমেছে ৩০২ কোটি টাকা।
 
এ দিকে, সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। ৯৪ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির, যা গেল সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৮৮ শতাংশ।  লেনদেনের শীর্ষে থাকলেও আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ১৩ শতাংশ। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। এ কোম্পানির লেনদেন হয়েছে ৭০ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার টাকা। লেনদেনের তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকা। এ ছাড়া, লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে—বেক্সিমকো, ফ্যামিলিটেক্স, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট, আর এ কে সিরামিকস।
 
এ দিকে, বর্তমানে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮ দশমিক ৭৫ পয়েন্টে, আর্থিক খাতের ২৭ দশমিক ৭৪, প্রকৌশল খাতের ২৯ দশমিক ৭১, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ২২, বস্ত্র খাতের ১০ দশমিক ৭২, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ৪৩, বিমা খাতের ১৫ দশমিক ৩০, বিবিধ খাতের ২৬ দশমিক ৬ এবং টেলিযোগাযোগ খাতের ২১ দশমিক ৬০।