ওয়ানডে সিরিজ শুরুর আগে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, বিশ্বকাপে ঐ বিতর্কিত কোয়ার্টার ফাইনাল সম্পর্কে নাকি কিছুই মনে নেই তার। দু’দিন আগে কি ঘটে তাই নাকি মনে থাকে না ভারতীয় দলপতির! এবার রোহিত শর্মা জানালেন সেই ম্যাচে কোন বিতর্কিত বিষয় ছিল কিনা, বিতর্কিত নো বলে ক্যাচ দিয়েও তিনি বেঁচে গিয়েছিলেন; এমন কিছু ঘটেছে বলে নাকি জানেনই না তিনি! তবে, সিরিজে ফিরতে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে সেটা ঠিকই বুঝতে পারলেন ভারতের এই ওপেনার।
মাঠের লড়াই তো বটেই বাংলাদেশ দলের শারীরিক ভাষাও বলছে এই মুহুর্তে অতীতের যে কোন সময়ের চেয়ে মানসিকভাবে তারা বেশী আগ্রাসী। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত স্বীকার করলেন, মাঠের বাংলাদেশ একেবারে নির্ভীক, দু:সাহসী। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সিরিজ জিততে হলে ভারতকে তাদের সামর্থ্যরে সবটুকুই দিতে হবে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি।
মাশরাফি বিন মুর্তজার দল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে গত বৃহস্পতিবার ৭৯ রানে জিতে এগিয়ে গেছে। সেই জয়ের পুণরাবৃত্তি করতে পারলে আজই হয়ে যাবে সিরিজের মীমাংসা। বাংলাদেশের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিতে পারলেন না রোহিতও। ওপেনারটি তাই বলেন, ‘হ্যা বাংলাদেশ যদি আজও জেতে তাহলে অবাক হবার কিছু নেই। এই মুহুর্তে দুরন্ত ছন্দে আছে তারা। একেবারে নির্ভীক খেলছে তারা। কারণ তাদের হারাবার কিছু নেই। উল্টো আমাদের হারাবার আছে অনেক কিছু। কোন সন্দেহ নেই তাদের হারাতে নিজেদের সেরা খেলাটাই আমাদের খেলতে হবে। আশা করছি আজ সম্পূর্ন নতুন এক ভারতকে দেখা যাবে।’
প্রথম ম্যাচের নায়ক মুস্তাফিজুর রহমানকে কিভাবে সামলাবে জানতে চাইলে রোহিত বললেন আলাদা পরিকল্পনার কথা। নিজেদের ব্যাটসম্যানদের ভুলেই ভারত সেদিন এই বাহাতি পেসারের সামনে দাড়াতে পারেনি বলে দাবী করলেন তিনি। তবে একই সঙ্গে স্বীকার করলেন এই কন্ডিশনে মুস্তাফিজকে ঠেকানো কঠিন কাজ বটে। রোহিত বলেন, ‘এই ম্যাচে আমরা আলাদা কিছু পরিকল্পনা নিয়ে নামবো। প্রথম ম্যাচ কোথায় আমরা পিছিয়ে ছিলাম, কোন ভ‚লগুলো হয়েছে সেগুলো নিয়ে তো একটু কাটাছেড়া হবেই। সমাধানের চেষ্টা করা হবে। তবে মুস্তাফিজুর যেভাবে কন্ডিশনকে কাজে লাগিয়েছে সেটা অবশ্যই প্রশংসা করার মতো। গতি এবং লেংথের পরিবর্তন খুব ভালভাবে করতে পেরেছে সে। আমাদের বোলারদেরও এই কাজগুলো করা জরুরী। কারণ আপনি কেবল এক জায়গায় বল করে যাবেন আর সাফল্য পাবেন সেটা কখনো সম্ভব নয়।’
রোহিত এ ম্যাচেও প্রথমদিনের মতোই উইকেট আশা করছেন। অর্থাৎ বল ব্যাটে আসবে একটু ধীরে, পেসের চেয়ে বৈচিত্র আনতে পারলেই বোলাররা পাবেন বেশী সাফল্য। তবে সেদিন বেদম মার খাওয়া ভারতীয় পেস আক্রমনে কোন পরিবর্তন আসছে কিনা সেটা বলতে চাইলেন না তিনি। কাল উইকেট দেখে এমনটাই জানালেন প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, ‘একটু আগেই উইকেট দেখে আমার মনে হলো প্রথম ম্যাচের চেয়ে খুব আলাদা কিছু হবে না। কিন্তু দলে কোন পরিবর্তন আসবে কিনা সেটা একান্তই দল ব্যবস্থাপকদের সিদ্ধান্ত। সব দেখে শুনেই সিদ্ধান্ত নেয়া হবে।’
