২০ দলীয় জোট ভাঙ্গবে না: খন্দকার মাহবুব

আপডেট : ২০ জুন ২০১৫, ২১:২৮
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘২০ দলীয় জোটে কে থাকবে, কে থাকবে না তা ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন, এতে সরকারের মাথাব্যথা কেন।’
 
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘ভারতের সাথে নতুন চুক্তি: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
 
খন্দকার মাহবুব বলেন, ‘আমার জানা মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের এ কুচক্রে পা দিয়ে ২০ দলীয় জোটকে ভেঙে দেবেন না। ২০ দলীয় জোট ভাঙবে না, বরং আরো বেশি শক্তিশালী হবে।’
 
বাংলাদেশ-ভারতের ২২টি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘চুক্তিগুলোর বিষয়বস্তু কী সে বিষয়ে আমরা এখনও অবগত হতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে সংবিধান চুক্তিগুলো সংসদে পেশ করুন। এবং এ বিষয়ে আলোচনা করে জনগণকে জানান। কোনো দেশের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি করার পর তা সংসদে উত্থাপনের নিয়ম রয়েছে।’
 
তিনি আরো বলেন, ‘মংলা ও চট্টগ্রাম বন্দরসহ সবকিছুই আমরা ভারতকে দিয়ে দিয়েছি। আর বিনিময়ে আমরা শুধু পেয়েছি ছিটমহল। তাই ভারত সরকারের কাছে আমাদের আশা, তারা তিস্তা চুক্তি সম্পন্ন করে ব্ন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করবে।’
 
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহের সভাপতিত্বে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ন্যাপের সভাপতি জেবেল রহমান গণি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য দেন।