সাবেক সেনা কর্মকর্তার ছেলে আইএস সন্দেহে গ্রেফতার

আপডেট : ২০ জুন ২০১৫, ২১:৩৪
 
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আইএস সদস্য সন্দেহে গ্রেফতার হওয়া ফাইয়াজ ইশমাম খানকে (২৪) ৫ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
শনিবার তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম। রাজধানীর ক্যান্টনম্যান্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ডের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ডিবি’র উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, এর আগে বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফাইয়াজকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মিরপুর পল্লবীর ডিওএইচএস এর সাত নম্বর রোডের ৫০৮/১০ নম্বর বাড়ির ৪/ডি নম্বর ফ্ল্যাট থেকে ইশমামকে গ্রেফতার করা হয়।
 
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ শাহজাহান জানান, ফাইয়াজ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল থেকে এসএসসি পাস করেছে। উত্তরা রাজউক কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে কাতার ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামিক অনলাইন ইউনির্ভাসিটিতে ইসলামিক স্টাডিজে পড়াশুনা করছে। তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল ফরিদ হায়দার খান। বর্তমানে তিনি একটি ট্রাভেল এজেন্সীতে কর্মরত রয়েছেন। গ্রেফতার ফাইয়াজকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করেন ঐ কর্মকর্তা। ডিবি ধারণা করছে, ফাইয়াজ আইএসের কর্মী।