প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল শনিবার এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন। রমজানের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শুরুর ২৮ মিনিট আগে প্রধানমন্ত্রী গণভবনের ব্যাংকোয়েট হলে স্থাপিত মাহফিলস্থলে আসেন। এরপর তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে এতিম, প্রতিবন্ধীসহ আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং রাজমানের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মাশুরিখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ শাহ মোহাম্মদ আহসানুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ মিজবাহুর রহমান চৌধুরী ও শেখ খন্দকার গোলাম মাওলা নকশবন্দী, মাওলানা আবদুল আলীম রিজভী, মুফতি মাওলানা জহিরুল ইসলাম মিয়া, মাওলানা বদিউল আলম সরকার, মাওলানা রুহুল আমিন খান উজানবী, হাফেজ মাওলানা আবদুর রাজ্জাক, ড. মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, মাওলানা মনিরুজ্জামান রাব্বানি, ড. মাওলানা এমাদুদ্দিন, আলহাজ মো. ইসমাইল মিয়া, ড. মাওলানা মোরশেদ আলম সালেহি, মুফতি আবুল হাসান শামসবাদী, মাওলানা এএমএম সিরাজুল ইসলাম, মাওলানা জালাল আহমেদ, মাওলানা আবু সুফিয়ান জাকি প্রমুখ। ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী মহসিন আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজ্জাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
