জ্যামাইকাকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

আপডেট : ২১ জুন ২০১৫, ০৮:৪০
কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। একপেশে লড়াইয়ে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। আর এতে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবেই আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনালে গেল।
 
বাংলাদেশ সময় রবিবার ভোরে ম্যাচটি শুরু হয়। জ্যামাইকাকে কোনোভাবেই সুযোগ দেয়নি টুর্নামেন্টের ফেভারিট দল আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচে প্রতিপক্ষকে চাপে রাখলেও আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় বড় ব্যবধানে জিততে পারেনি তারা। অনেক সুযোগ হাতছাড়ার ম্যাচে একমাত্র গোলটি করেন গনসালো হিগুয়াইন।     
 
শুরু থেকেই জ্যামাইকাকে চেপে ধরে জেরার্দো মার্তিনোর শিষ্যরা। প্রথম সাত মিনিটেই তিনটি সুযোগ তৈরি করে তারা। কিন্তু হিগুয়াইন সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দলটিকে।
 
একাদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন হিগুয়াইন। এই গোলে দারুণ অবদান রয়েছে আনহেল দি মারিয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা বাঁ দিক থেকে বল দেন হিগুয়াইনকে, নাপোলির স্ট্রাইকার তা সুযোগ বুঝে জালে ঢুকিয়ে দেন।