যুক্তরাষ্ট্রে পার্টিতে গুলি, নিহত ১

আপডেট : ২১ জুন ২০১৫, ১২:৪৫
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে একটি পার্টিতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। খবর এএফপি’র। 
 
রবিবার সকালে স্থানীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
 
এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে একটি বাস্কেটবল কোর্টে আয়োজিত পার্টিতে এক বন্দুকধারী গুলি ছুড়ে। পরে হতাহতের এ ঘটনা ঘটে।
 
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
ডেট্রয়েটের সহকারী পুলিশ প্রধান স্টিভ ডোলান্ট জানান, ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে আয়োজিত পার্টিতে বেশ কয়েকজন শিশুও উপস্থিত ছিল। তবে সৌভাগ্যবশত তাদের কেউ আঘাত পায়নি।
 
তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
এর আগে গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চার্লসটন শহরে কৃষ্ণাঙ্গদের একটি শতবর্ষী গির্জায় গুলি করে ৯ জনকে হত্যা করা হয়।