মামাকে হত্যার দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড

আপডেট : ২১ জুন ২০১৫, ১৬:২২
 
বরিশালের বাবুগঞ্জে মামাকে হত্যার দায়ে পলাতক ভাগ্নেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার বরিশালের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা দেন।
 
আসামি সম্রাট হাওলাদার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি গ্রামের ওফাজউদ্দিন হাওলাদারের ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান, সম্রাট ছোটবেলা থেকে মায়ের সঙ্গে উত্তর রহমতপুর গ্রামে মামা হাবিবুর রহমানের বাড়িতে থাকতেন। সেখানে নানার রেখে যাওয়া জমি নিয়ে প্রায়ই মামার সঙ্গে তার ঝগড়া হতো। ঐ জমিতে হাবিবুরের একটি দোকানও ছিল। ওই দোকান সরানোকে কেন্দ্র করে ২০০৮ সালের মে মাসে বাকবিতণ্ডার এক পর্যায়ে মামাকে পিটিয়ে আহত করেন সম্রাট। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ঐদিন রাতেই হাবিবুর মারা যান।
 
এই ঘটনায় বাবুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন হাবিবুরের ছেলে সরোয়ার মোল্লা। একই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেয়।