নাশকতার তিন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট এই আদেশ দেন।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, পল্টন থানার তিন মামলায় আজ মির্জা ফখরুল জামিন পেয়েছেন। এই নিয়ে সাতটি মামলাতেই আদালত জামিন মঞ্জুর করেছে। এখন তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
তিনি আরো জানান, এই তিন মামলায় কেন ফখরুলকে স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে। ঢাকার জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।
ছয় মাস ধরে কারাবন্দী ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন।
