সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত

আপডেট : ২১ জুন ২০১৫, ১৯:২৯
 
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে  ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হচ্ছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা’ দমকা অথবা  ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোটিমার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
 
বাগেরহাট প্রতিনিধি  জানান, উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান,  সাগর উত্তাল হয়ে পড়ায় আঁছড়ে পড়ছে প্রচণ্ড ঢেউ।  মাছ ধরা ট্রলার সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে।