সালাহউদ্দিন কাদেরের আপিল শুনানি অব্যাহত

আপডেট : ২১ জুন ২০১৫, ১৯:৪৫


যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার আপিলের ওপর তৃতীয় দিনের শুনানি গ্রহণ করেন।

আদালতে সালাহউদ্দিন কাদেরের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে পেপারবুক থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনীত কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের দু’জন সাক্ষী গৌরাঙ্গ সিংহ ও প্রফুল্ল রঞ্জন সিংহের জবানবন্দি উপস্থাপন করেন এসএম শাহজাহান।
 
রাউজানে নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই বিএনপি নেতাকে মৃত্যুদণ্ড দেয়। এই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানান সালাহউদ্দিন কাদের।