রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহূত তিন বছর বয়সী আবরার হোসেন সানী নামের এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দিনগত গভীর রাতে ওই শিশুকে উদ্ধার করে উত্তরা র্যাব-১-এর একটি দল। সে সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—আবুল বাসার (৩৫), কাওসার (২৫) ও রাসেল (২০)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান—গত ১৭ জুন খিলক্ষেত থানা এলাকা থেকে মনির হোসেনের ছেলে আবরার হোসেন সানীকে তার বাসার সামনে থেকে অপহরণ করা হয়। দুই দিন পর অপহূত শিশুর বাবার কাছে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে অপহূত শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
তিনি আরো জানান—সে সময় শিশুটির বাবা অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য উত্তরা র্যাব-১-এর অধিনায়ক বরাবর একটি অভিযোগ প্রদান করেন। পরে শিশু সানিকে উদ্ধারের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে র্যাব। শিশুটির বাবার দেয়া তথ্যের ভিত্তিতে তারই দোকানের দুই কর্মচারীকে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকা হতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও এক পর্যায়ে তারা স্বীকার করে যে, শিশুটি কুমিল্লার দেবিদ্বার এলাকায় আছে।
পরে র্যাব-১-এর একটি দল শনিবার দিনগত গভীর রাতে ওই এলাকায় অভিযান পরিচানা করে তিন অপহরণকারীকে আটকে পর শিশু সানিকে উদ্ধার করে।
