গুলি ছুড়ে হত্যা: রনির ফের রিমাণ্ড চায় পুলিশ

আপডেট : ২১ জুন ২০১৫, ২০:৫২
 
 
ঢাকায় গভীর রাতে গুলি চুড়ে দুজনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগের এমপি পিনু খানের ছেলে রনি বখতিয়ার আলম রনির ফের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রনিকে সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করেন। তবে আসামি উপস্থিত না থাকায় তার উপস্থিতিতে আগামী ২৪ জুন রিমান্ড আবেদনের শুনানির দিন রেখেছেন মহানগর হাকিম আমিনুল হক।
 
এ মামলায় চার দিনের রিমান্ড শেষে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন রনি। গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে আসে।
 

এ ঘটনায় জড়িত অভিযোগে গত ৩১ মে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেফতার করা হয়। আদালতের অনুমতি মেলার পর গত ৯ জুন রনিকে চার দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ।